অগ্রণী ব্যাংকের দুই খেলাপি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের দুই শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অগ্রণী ব্যাংক জানায়, খেলাপি ঋণ আদায়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২২ সালের ১৩ নভেম্বর চট্টগ্রামের অর্থঋণ আদালত-৩ এ অর্থজারি মোকদ্দমা দায়ের করা হয়।
অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদিঘী পূর্ব করপোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিন ইন্ডাস্ট্রিজের মালিক মুজিবুর রহমান মিলনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার কাছে পাওনা ২৩৪ কোটি ২০ লাখ টাকা আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের অর্থঋণ আদালত-৩ সম্প্রতি এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এছাড়া একই শাখার আরেক শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান ম্যাকশিপ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন এবং পরিচালক জামিল আবেদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩০২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ের লক্ষ্যে গেল ১১ মে তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
