শিরোনাম

বনদস্যুদের কবল থেকে ৪ জেলেকে উদ্ধার করল বন বিভাগ

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন   |   জেলার খবর

বনদস্যুদের কবল থেকে ৪ জেলেকে উদ্ধার করল বন বিভাগ

সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বন বিভাগের অভিযানে বনদস্যুদের কবল থেকে চার জেলেকে উদ্ধার করা হয়েছে। এ সময় বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (১৩ মে) সকালে শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ অভিযানের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম। উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মাসুম খান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম আলী, দাকোপ উপজেলার ইরাক শেখ এবং শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. হাসান। বন বিভাগ সূত্রে জানা যায়, সিঙ্গারটেক এলাকায় টহল চলাকালে বনদস্যু করিম-শরীফ বাহিনীর অবস্থান টের পান বনকর্মীরা। পরে অভিযান চালালে বনদস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে দস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ও জিম্মি চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি। সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জেলার খবর এর আরও খবর: