পঞ্চগড়ে পরিচ্ছন্নতা বিপ্লবের সূচনা : নগর রূপান্তর ফাউন্ডেশনের উদ্যোগে শহরজুড়ে সচেতনতা ও বিশেষ অভিযান
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) : পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নগর রূপান্তর ফাউন্ডেশন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় শহরের নুরজাহান হোটেলের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের অঙ্গীকার একটি পরিষ্কার ও বাসযোগ্য পঞ্চগড় পৌরসভা গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা একটি সুপরিকল্পিত উদ্যোগ হাতে নিয়েছি।”
তিনি আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য পঞ্চগড় পৌরসভাকে ধূলামুক্ত, যানজটমুক্ত ও আবর্জনামুক্ত একটি আধুনিক নগরীতে রূপান্তর করা। পাশাপাশি মশা-মাছির উপদ্রব কমানো এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে পঞ্চগড় পৌরসভাকে একদিন সারা বাংলাদেশের জন্য একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
নগর রূপান্তর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অভিযানে প্রায় শতাধিক শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানটি নুরজাহান হোটেল এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়, জেলা পরিষদ এলাকা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল অতিক্রম করে ধাক্কামারা এলাকায় গিয়ে শেষ হয়।
অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু, বস্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দলবদ্ধভাবে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সঠিকভাবে বর্জ্য অপসারণে কাজ করেন। একই সঙ্গে তারা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা গর্বিত। তাদের মতে, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে শহরের পরিবেশ আরও উন্নত হবে এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে।
আয়োজকরা জানান, এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয় বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
