শিরোনাম

পটুয়াখালীতে পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন   |   জেলার খবর

পটুয়াখালীতে পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ রাজু (পটুয়াখালী) : 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সড়ক বিভাগ, পটুয়াখালী; সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার নিলয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী বলেন, সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকেও সবাইকে এ উদ্যোগে অংশ নেওয়া উচিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের পরিবেশ ও অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠান শেষে পায়রা সেতু সংলগ্ন সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেলার খবর এর আরও খবর: