শিরোনাম

শ্রীমঙ্গল সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

শ্রীমঙ্গল সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ ইমরান হোসেন (শ্রীমঙ্গল  মৌলভীবাজার)  : 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম. এ. রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও মামুন আহমেদসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে প্রতারণা, প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হলেও অজ্ঞাত কারণে প্রশাসন ও সংশ্লিষ্ট মহল কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, এসব অনিয়ম নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর সাংবাদিক এহসান বিন মুজাহির একাধিক প্রতিবেদন প্রকাশ করলে ক্ষুব্ধ হয়ে আলতাফুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। মামলা দিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। তারা অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মিডিয়া কর্নার এর আরও খবর: