শিরোনাম

বন অধিদপ্তরের ফরেস্ট গার্ডদের পদোন্নতির নামে চলছে প্রহসন!

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন   |   অপরাধ

বন অধিদপ্তরের ফরেস্ট গার্ডদের পদোন্নতির নামে চলছে প্রহসন!

ফরেস্ট গার্ড বা বন প্রহরী হলেন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত মাঠপর্যায়ের কর্মী, যারা বনের সম্পদ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করেন ।   ফরেস্ট গার্ড পদে যোগদান করে  দীর্ঘদিন একই পদে চাকুরী করে অনেক ফরেস্ট গার্ড ইতোমধ্যে অবসরে চলে গেছেন।  একই পদে ২০  বছর থেকে ৩৯ বছর পর্যন্ত চাকুরী করছেন,  পুরো চাকরী জীবনে পদোন্নতি পাননি এমন কর্মচারীর সংখ্যা শতশত। যা অমানবিক ও দুঃখজনক। এর নজির সরকারি অন্য কোন দপ্তর/অধিদপ্তরে নেই।   ফরেস্ট গার্ডদের দীর্ঘদিনের বঞ্চনা ও পদোন্নতি প্রদানে জটিলতা নিরসনে কোনো চোখে পড়ার মত তৎপরতা নেই দফতর প্রধান তথা  প্রধান বন সংরক্ষকের। এতে করে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বন অধিদপ্তরে। 

অভিযোগ রয়েছে একটি বিশেষ সিন্ডিকেটে জিম্মি প্রধান বন সংরক্ষক। ওই সিন্ডিকেটের সদস্যদের বড় অংকের টাকা যারা দিয়েছেন তাদেরকেই নাকি পদোন্নতির তালিকায় রাখা হচ্ছে।

সম্প্রতি পদোন্নতি বোর্ডকে ম্যানেজ করার নামে জনপ্রতি দুই লাখ  করে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ এসেছে।  এতে বন বিভাগের টপ টেন গ্রুপ নামে পুর্ব থেকেই আলোচিত একটি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। এই গ্রুপের সদস্যরা   ২০২২ সালেও জনপ্রতি ৫০ হাজার টাকা তুলেছেন বলেও অভিযোগ আছে।   টপ টেন গ্রুপ নিয়ে বিস্তারিত থাকবে পরের পর্বে।

৪৫০ জনকে পদোন্নতি দেয়া হবে এমন খবর ছড়িয়ে অন্তত ২৫০ জনের কাছ থেকে  ২ লাখ করে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রধান বন সংরক্ষককে ম্যানেজের নামে প্রধান বন সংরক্ষকের মামাতো ভাই পরিচয়ে বন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আশরাফুল আলমের নাম এসেছে ঘুরেফিরে।  আশরাফুল আলম ২০২২ সালেও নাকি এসকল কর্মকান্ডে যুক্ত ছিলেন।

ফরেস্ট গার্ডদের পদোন্নতি প্রদানের জন্য বন অধিদপ্তর কর্তৃক অফিস আদেশ নং- ২৬৫/পি তারিখ ২২/০৯/২০২২ খ্রি. মূলে চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশিত হয়। চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকায় বেশকিছু বৈষম্য দেখা যায়। যথা সময়ে নিয়মিত করন না করা সত্ত্বেও নিয়মিতকরণের আদেশ জারীর তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করায় এ বৈষম্য সৃষ্টি হয়। যেহেতু নিয়মিত করণের এখতিয়ার কর্তৃপক্ষের সেহেতু যথাসময়ে নিয়মিত করণ না করার দায়ও কর্তৃপক্ষের উপরই বর্তায়। অথচ, এর দায় কর্মচারীদের উপর চাপিয়ে নিয়মিত করণের তারিখ থেকেই জ্যেষ্ঠতা তালিকা চূড়ান্ত করা হয়। খসড়া গ্রেডেশান তালিকার উপর লিখিত আপত্তি জানানো সত্ত্বেও তা আমলে না নিয়ে চূড়ান্ত গ্রেডেশান তালিকা প্রকাশিত হলে ৭৮ জন ফরেস্ট গার্ড সংক্ষুদ্ধ হয়ে প্রকাশিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকার বিরুদ্ধে একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। (মামলা নং- (ক) ১৬৮/২০২২ নতুন ৭৯/২০২২ পুরাতন (খ) ৬৮/২০২২ ও (গ) ৪৬০/২০২২।)  বিজ্ঞ আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত জ্যেষ্ঠতা ভালিকার কার্যক্রমে স্থগিতাদেশ প্রদান করেন। ফলে বন্ধ হয়ে যায় পদোন্নতি সংক্রান্ত সকল কার্যক্রম। 

 ফরেস্ট গার্ডদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে বন অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটির গত ১৩/০৪/২০২৫ ইং তারিখের সভায় বিস্তারিত আলোচনান্তে মামলার বাদী ৭৮ জনকে (এখনো যারা কর্মরত আছেন) পদোন্নতি তালিকায় অর্ন্তভূক্ত করে সিনিয়রদের অগ্রাধিকার ভিত্তিতে পদোন্নতি দিলে ২০১৬ সালে সরাসরি রাজস্বখাতে নিয়োগকৃত ‘ফরেস্ট গার্ডগণের কোন আপত্তি নেই মর্মে অঙ্গীকার করলে কয়েকটি মামলা প্রত্যাহারও করেন বাদীরা। ১টি মামলা না-মঞ্জুর হওয়ায় পরবর্তীতে আপিল কার্যক্রম চলমান। 

বন অধিদপ্তরে ফরেস্ট গার্ড (গ্রেড-১৭) এর নতুন সৃজিত  পদসহ মোট মঞ্জুরীকৃত পদ সংখ্যা ২৫২৮টি। তন্মধ্যে বর্তমানে নিয়োজিত ফরেস্ট গার্ডের সংখ্যা ২০৯০ জন। কর্মরত ফরেস্ট গার্ডদের মধ্যে সরাসরি রাজস্ব খাতে নিয়মিত নিযুক্ত, পদোন্নতিপ্রাপ্ত, উন্নয়ন প্রকল্প হতে রাজস্বখাতে স্থানান্তরিত এবং এডহক ভিত্তিতে নিয়োগকৃত ফরেন্ট গার্ড নিয়োজিত আছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত ও এডহক ভিত্তিতে নিয়োগকৃত ফরেস্ট গার্ডদেরকে বিভিন্ন তারিখে নিয়মিতকরণ করা হয়।  উন্নয়ন প্রকল্প হতে রাজস্বখাতে স্থানান্তরিত কর্মচারী এবং এডহক ভিত্তিক নিযুক্ত কর্মচারীদের নিয়মিতকরনের ব্যাপারে  সারাদেশে থেকে একই তারিখে একযোগে আদেশ জারী করার কথা থাকলেও বিভাগীয় কর্মকতীদের গাফিলতির কারণে ভিন্ন ভিন্ন তারিখে নিয়মিত করা হয়। যার ফলে জ্যেষ্ঠতা নির্ধারনে  জটিলতা  তৈরি হয়েছে বলেও অনেকে জানিয়েছেন।

বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড (১৭তম গ্রেড) হতে ফরেস্টার (১৫তম গ্রেড) পদে পদোন্নতি কার্যক্রম নিয়ে অচলাবস্থা চলমান।  ১২ এপ্রিল ২০২৬ তারিখে  বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড (১৭তম গ্রেড) হতে ফরেন্টার ১৫তম গ্রেড) পদে পদোন্নতি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সমস্যা নিরসনকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় ( স্মারক নং-২২.০০.০০০০.০৬৮,১২,০০১,২০২৪-১৩৪ ) বন অধিদপ্তরে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ এবং পদোন্নতির জন্য নির্ধারিত বিভাগীয় নির্বাচন কমিটি রয়েছে। ফরেস্ট গার্ড হতে ফরেস্টার পদে পদোন্নতির লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী বিধি মোতাবেক পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করাও হয়েছে।   অন্যদিকে চুড়ান্ত জ্যেষ্ঠতা তালিকার বিষয়ে ফরেস্ট গার্ডগণ কর্তৃক বর্ণিত ৫টি মামলায় মোট ৯৫ জন বাদীর মধ্যে বর্তমানে কর্মরত ৮১জনকে অগ্রাধিকারভিত্তিতে পদোন্নতি প্রদানের লক্ষ্যে প্রশাসনিক আদেশ জারী এবং ফরেস্ট গার্ডদের আবেদন অনুযায়ী ফরেস্টার পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ  করেছেন প্রধান বন সংরক্ষক।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে বন ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কর্মরত ফরেস্ট গার্ডদের ফরেস্টার পদে দ্রুত পদোন্নতি প্রদানের বিষয়ে কমিটি সর্বসম্মতভাবে একমত পোষণ করে। বিদ্যমান গ্রেডেশন তালিকা অনুযায়ী পদোন্নতিযোগ্য ফরেস্টারের শূন্য পদে যোগ্য ফরেস্ট গার্ডদের পদোন্নতি প্রদান করা যেতে পারে মর্মে প্রশাসনিক সিদ্ধান্তের পরও তা কার্যকর হচ্ছে না। । পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে চারটি মামলার বাদী ৭৮ জন ফরেস্ট গার্ড (যারা কর্মরত আছেন) পদোন্নতিযোগ্য ।  এমন মনে করেন প্রধান বন সংরক্ষক।  

মামলার বাদীগণকে অগ্রাধিকারভিত্তিতে পদোন্নতি প্রদানের বিষয়টি প্রচলিত কোনো বিধি-বিধানে সরাসরি উল্লেখ নেই। তবে বিকল্প বিরোধ নিস্পত্তি (Alternative Dispute Resolution-ADR) পদ্ধতির মাধ্যমে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি একটি আইনগত/আইন স্বীকৃত পদ্ধতি। প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাসমূহের কারণে দীর্ঘদিন পদোন্নতির কার্যক্রম স্থগিত থাকায় মাঠ পর্যায়ে স্থবিরতা সৃষ্টি হয়, যা জনস্বার্থ ও বন অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের গতিশীলতার অন্তরায়। মামলা সংশ্লিষ্ট পক্ষসমূহকে শুনানি প্রদান ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ প্রশাসনিক ন্যায়নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মন্ত্রণালয়ের ১৭/০৯/২০২৪ খ্রি. তারিখের ৩৫১ নং স্মারক পত্রের নির্দেশনার আলোকে গৃহীত একটি সমঝোতা ও সমন্বয়মূলক প্রশাসনিক পদক্ষেপ।

অপরাধ এর আরও খবর: