ফোটার অপেক্ষায় রাস্তার ধারের আকন্দ ফুল
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট: )
বসন্তের আগমনে প্রকৃতিতে শুরু হয়েছে নতুন প্রাণের সঞ্চার। উপকূলীয় উপজেলা শরণখোলার বিভিন্ন সড়কের ধারে এখন চোখে পড়ছে আকন্দ গাছের সারি। গাছগুলোতে ইতোমধ্যে ধরেছে অসংখ্য কুঁড়ি, যা ফুটে ওঠার অপেক্ষায় রয়েছে। রাস্তার ধারে, বেড়িবাঁধ ও খোলা মাঠের পাশে স্বাভাবিকভাবেই জন্ম নেয় আকন্দ গাছ। যত্ন ছাড়াই বেড়ে ওঠা এই গাছের ফুল দেখতে বেশ আকর্ষণীয়। কুঁড়িগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সেগুলো ফুটে চারপাশে ছড়িয়ে দেবে সৌন্দর্য।স্থানীয়দের মতে, বসন্ত ও গ্রীষ্মের শুরুতেই আকন্দ গাছে বেশি ফুল ফোটে। সাদা ও হালকা বেগুনি রঙের এই ফুল প্রকৃতির মাঝে এক ভিন্ন সৌন্দর্য যোগ করে। অনেক পথচারী রাস্তা দিয়ে চলাচলের সময় আকন্দ ফুলের কুঁড়ি ও গাছের দৃশ্য দেখে মুগ্ধ হন। উদ্ভিদবিদদের মতে, আকন্দ একটি ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামীণ এলাকায় বিভিন্ন ভেষজ কাজে এর পাতা ও অন্যান্য অংশ ব্যবহারের প্রচলন রয়েছে। প্রকৃতির আপন নিয়মেই বেড়ে ওঠা রাস্তার ধারের এই আকন্দ গাছগুলো যেন এখন অপেক্ষা করছে ফুলে ফুলে ভরে ওঠার। আর সেই দৃশ্য উপভোগ করতে অধীর আগ্রহে তাকিয়ে আছে প্রকৃতি প্রেমী মানুষ।
