সায়মন ওভারসীজের বিরুদ্ধে ১৬ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ : মন্ত্রণালয়ের চিঠি
আটাবের সাবেক মহাসচিব আফাসিয়া জান্নাত সালেহের প্রতিষ্ঠান সায়মন ওভারসীজের বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা মানিলন্ডারিং এর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অভিযোগপত্র আমলে নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাখ্যা চাওয়া হয়েছে সায়মন ওভারসীজের ব্যবস্থাপনা পরিচালক আফাসিয়া জান্নাত সালেহের কাছে।
সায়মন ওভারসীজ ক্রস বর্ডার (দেশের বাইরে) টিকিট বিক্রির একটি স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২১ আগস্ট পর্যন্ত সায়মন ওভারসিজের আইএটিএ নম্বর ৪২৩০০২৩০-এর জিডিএস আইডি ব্যবহার করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশে ওই সব দেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট ১৮৯৪টি এয়ার টিকিট বিক্রি বিক্রি করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।
এই অভিযোগের প্রেক্ষিতে সায়মন ওভারসীজকে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
