শিরোনাম

পটুয়াখালীতে অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন   |   জেলার খবর

পটুয়াখালীতে অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম সাহাজাদা।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক এস এম সাহাজাদা বলেন, সমাজের সকল নাগরিকের মতো অটিজম শিশুদেরও সমান অধিকার রয়েছে। তিনি জানান, পটুয়াখালী জেলায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রায় ৪১ হাজার ভাতাভোগী সুবিধাভোগী রয়েছেন, যার মধ্যে অটিজম শিশুরাও অন্তর্ভুক্ত। তিনি অটিজম শিশুদের উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি সহমর্মিতা এবং তাদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সঠিক পরিচর্যা, উপযুক্ত শিক্ষা, চিকিৎসা ও সামাজিক সহযোগিতা পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, অটিজম শিশুদের সঠিক যত্ন ও ভালোবাসার মাধ্যমে সামাজিকভাবে গড়ে তোলা সম্ভব। তিনি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহীদ হোসেন চৌধুরী বলেন, অটিজম শিশুদের অবহেলা নয়, বরং ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে পারলে তারাও দেশের সম্পদে পরিণত হবে। তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে অটিজম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, অটিজম নিয়ে কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। একইসঙ্গে অটিজম শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: