ব্রাহ্মণবাড়ীয়া-২ এর এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল উপজেলা নির্বাহী অফিসে মতবিনিময় সভা
মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসারের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারি সেবাগুলো আরও দ্রুত ও স্বচ্ছভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
