জিনজিরা কমিউনিটি সেন্টার এখন মাদকের অভয়ারণ্য: লুটপাটে ধ্বংস ঐতিহ্যের অডিটোরিয়াম
মাহফুজার রহমান :
ঢাকার কেরানীগঞ্জের এক সময়ের গৌরব ও ঐতিহ্যের প্রতীক ‘জেলা পরিষদ অডিটোরিয়াম’ (সাবেক জিনজিরা কমিউনিটি সেন্টার) এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখভালের অভাবে ভবনটি বর্তমানে স্থানীয় মাদকসেবী ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যা নামলেই এখানে বসছে মাদকের হাট, আর দিনের আলোয় চলছে অবশিষ্ট সরকারি সম্পদ চুরির মহোৎসব।
ধ্বংসের নেপথ্যে ৫ আগস্টের তাণ্ডব ও লুটপাট
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিক্ষুব্ধ জনতা ভবনটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামফলক মুছে ফেলতে হামলা চালায়। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ভবনের ভেতরে থাকা এসি, ফ্রিজ, জেনারেটর, লিফট, আসবাবপত্র এমনকি সিঁড়ির লোহার রেলিং ও দরজা-জানাল পর্যন্ত খুলে নিয়ে গেছে। বর্তমানে চারতলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি কেবল একটি কঙ্কালসার কাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে।
রাজনীতির গ্যাঁড়াকলে নামকরণের পালাবদল
ভবনটির ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০০৩ সালে তৎকালীন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের উদ্যোগে এর ব্যাপক উন্নয়ন করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নসরুল হামিদ বিপু এর নাম পরিবর্তন করে তার পিতার নামে ‘অধ্যাপক হামিদুর রহমান স্মৃতি কমিউনিটি সেন্টার’ রাখেন। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত এই ভবনটির উদ্বোধন করেন। ৫ আগস্টের পর ঢাকা জেলা পরিষদ পুনরায় এর নাম পরিবর্তন করে ‘জেলা পরিষদ অডিটোরিয়াম’ রাখে। কিন্তু নাম বদলালেও ভবনটির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
