শিরোনাম

দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচদিন ধরে গ্যাস বিপর্যয় : ৫০ হাজার সংযোগ বন্ধ

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচদিন ধরে গ্যাস বিপর্যয় : ৫০ হাজার সংযোগ বন্ধ


মাহফুজার রহমান :


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে টানা পাঁচদিন ধরে তিতাস গ্যাসের প্রায় ৫০ হাজার গ্যাস সংযোগ বন্ধ থাকায় ভয়াবহ দুর্ভোগে পড়েছেন অন্তত তিন থেকে চার লাখ মানুষ। গ্যাস না থাকায় রান্না, ব্যবসা ও দৈনন্দিন জীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করলেও বাজারে সহজে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে ১২ কেজির গ্যাস সিলিন্ডার ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যা নির্ধারিত দামের তুলনায় কয়েকশ’ টাকা বেশি।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ কেরানীগঞ্জের অন্তত ৮০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে—বাড়ুবাড়ি, বেগুনবাড়ি, পূর্ব শ্যামপুর, কালীগঞ্জ, চরকান্দা, গদারাঘাট, খেজুরবাগ, পারঘোরিয়া, শ্মশানঘাট, ইকুরিয়া ও হাসনাবাদসহ বিস্তীর্ণ এলাকা।

এলাকাবাসীরা জানান, শ্যামপুর খাল খননের সময় গ্যাস লাইনে সমস্যা সৃষ্টি হলেও পাঁচদিন পেরিয়ে গেলেও কোনো কার্যকর মেরামত কাজ শুরু হয়নি। বারবার অভিযোগ জানানো হলেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) থেকে সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।

একই সঙ্গে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। এক কর্মকর্তা বলছেন বিষয়টি ইমারজেন্সি টিম দেখবে, অন্য কর্মকর্তা বলছেন এটি তাদের বিভাগের দায়িত্ব নয়। ফলে সমস্যার স্থায়ী সমাধান না হয়ে ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে।হোটেল-রেস্তোরাঁ মালিকরা জানান, গ্যাস না থাকায় প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। অনেক শ্রমিক কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এখন প্রশ্ন উঠেছে— ৫০ হাজার গ্যাস সংযোগ বন্ধ থাকলেও দায় নেবে কে? সিলিন্ডার সিন্ডিকেটের লাগাম টানবে কারা.....

জনদুর্ভোগ এর আরও খবর: