দীর্ঘদিন আটকে থাকা রাস্তা উন্মুক্ত হচ্ছে—জনগণের স্বার্থে ডাম্পিং অপসারণ, মাদক আড্ডা বন্ধের দাবি
মাহফুজার রহমান :
দীর্ঘদিন ধরে ডাম্পিং ও দেয়াল ঘেরা অবস্থায় বন্ধ থাকা রাস্তাটি অবশেষে চলাচলের জন্য উন্মুক্ত হচ্ছে। এলাকাবাসী ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডালের রোডসহ আশপাশের এলাকায় ক্রমবর্ধমান যানজট ও অসুবিধা কমাতে নিজেদের অর্থায়নে তারা রাস্তার অবৈধ প্রতিবন্ধকতা অপসারণে উদ্যোগ নিয়েছেন।
এই মহৎ উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ, নিকুঞ্জ আবাসিক এলাকার বাসিন্দারা, সাধারণ ব্যবসায়ীরা, সনাতন ধর্মাবলম্বী ভাইবোন, গাড়িচালক এবং কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণির মানুষ।
এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা উন্মুক্ত করার ফলে যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে। পাশাপাশি তারা আশ্বাস দিয়েছেন যে পরিচ্ছন্নতা কর্মীরা রাস্তার মাঝখানের একপাশে কাজ করবেন এবং অন্যপাশ দিয়ে যানবাহন নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।
মাদকবিরোধী দাবি:
এলাকাবাসী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ডাম্পিং ও অব্যবস্থাপনার আড়ালে এখানে মাদক বিক্রি ও আড্ডাখানা গড়ে উঠেছে। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য মারাত্মক হুমকি। তাই তারা দাবি করেছেন, রাস্তা উন্মুক্ত করার পাশাপাশি মাদক কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
প্রশাসনের প্রতিশ্রুতি:
রকি হোসেন টাইগার জানান, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে, ১৫.০২.২০২৬-এর পর সরেজমিনে পরিদর্শন করে রাস্তা স্থায়ীভাবে চালু করার ব্যবস্থা করা হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের ফলে রাস্তা পরিচ্ছন্ন ও নিরাপদ হবে, যানজট কমবে এবং এলাকায় মাদকবিরোধী পদক্ষেপ কার্যকর হবে। এছাড়া এলাকার জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিরা দৈনিক অর্থনীতির কাগজকে ধন্যবাদ জানিয়েছেন, যার ধারাবাহিক সংবাদ প্রকাশের ফলে প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
