শিরোনাম

জামালগঞ্জে সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ কুস্তিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন   |   জেলার খবর

জামালগঞ্জে সম্প্রীতির বন্ধুত্বপূর্ণ কুস্তিখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সামাজিক সম্প্রীতির বড় আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে ভাইয়াপি (বন্ধুত্বপূর্ণ) কুস্তিখেলা। এই খেলার মধ্যদিয়ে গ্রাম থেকে গ্রামে মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। স্থানীয়ভাবে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী কুস্তি খেলা এখন শুধুই খেলা নয়—এটি সামাজিক মিলন, ঐতিহ্যের ধারাবাহিকতা ও সমাজিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও বিবেচিত হয়।

“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে জামালগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ-এর উদ্যোগে নলুয়ারপাড় পঞ্চগ্রাম ও দুর্লভপুর গ্রামের মধ্যে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর পিএফজির এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ ও জামালগঞ্জ ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শরিফ আহমদের যৌথ সঞ্চালনায় প্রতিযোগিতা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিছুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ–এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা। দিনব্যাপী উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতায় ৪–৩ পয়েন্টে নলুয়ারপাড় পঞ্চগ্রাম দল বিজয়ী হয়।

সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল হক আফিন্দী বলেন, “কুস্তি আমাদের ঐতিহ্যবাহী খেলা। এবারের আয়োজন ছিল ব্যতিক্রম, কারণ উপজেলার কিছু তরুণ শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান নিয়ে মাঠে নেমেছে। রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংঘাত ভুলে তারা শান্তির বাংলাদেশ গড়তে চায়। আমরা তাদের পাশে থাকতে পেরে আনন্দিত। তরুণরা খেলার সাথে যুক্ত থাকলে নেশা থেকে দূরে থাকবে, সুস্থ থাকবে।”

সভায় বক্তারা বলেন, একটি উদার, অসাম্প্রদায়িক, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং রাজনৈতিক ও সামাজিক সংঘাত কমিয়ে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের মাঝে কুস্তির ঐতিহ্যবাহী গামছা ও জার্সি বিতরণ করেন অতিথিরা। পরে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলার খবর এর আরও খবর: