মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন নেতৃবৃন্দের সাক্ষাৎ
শিব্বির আহমদ (সিলেট): শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
গত ৮ মার্চ রবিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ মন্ত্রীর বাসভবনে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেট অঞ্চলের প্রতিবন্ধী মানুষের সার্বিক উন্নয়ন, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি মহোদয়ের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রী প্রতিবন্ধী মানুষের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে সরকার সবসময় আন্তরিক বলে উল্লেখ করে তিনি তাদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী সমিরঞ্জন বিশ্বাস, তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কোবরা, তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি ও জুঁই রানী দাশ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
