শিরোনাম

লাভজনক হওয়ায় গম চাষে ঝুঁকছেন উপকূলের কৃষকরা

 প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

লাভজনক হওয়ায় গম চাষে ঝুঁকছেন উপকূলের কৃষকরা


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

কম খরচে ভালো লাভের সম্ভাবনা থাকায় উপকূলীয় উপজেলা শরণখোলায় দিন দিন গম চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫৬ একর জমিতে গমের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তুলনামূলক কম খরচ ও সহজ পরিচর্যার কারণে অনেকেই এবার গম চাষে ঝুঁকছেন। আধুনিক পদ্ধতিতে জমি প্রস্তুত ও পরিচর্যা করায় উৎপাদন খরচও কম হয়েছে বলে দাবি তাদের।


মধ্যম খোন্তাকাটা গ্রামের কৃষক ইব্রাহিম আকন জানান, তিনি দেড় বিঘা জমিতে গম চাষ করেছেন। প্রতি বিঘায় গড়ে প্রায় ১৫ মণ ফলন আশা করছেন। বর্তমানে বাজারে প্রতি মণ গম প্রায় ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলন হলে খরচ বাদ দিয়ে লাভের আশা করছেন তিনি।


একই গ্রামের কৃষক কাওসার, মনির, দেলোয়ার ও কবিরসহ আরও কয়েকজন কৃষকও এ মৌসুমে গম চাষ করেছেন। তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে গম চাষে ভালো ফলন পাওয়া সম্ভব। ফলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে গম চাষের পরিকল্পনা করছেন অনেক কৃষক।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এ বছর গমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের গম চাষে আগ্রহী করতে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

জেলার খবর এর আরও খবর: