জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবি"র টহল জোরদার
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ): সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অধিক মুনাফা লাভের আশায় ভারতের মেঘালয়ে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সুনামগঞ্জে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা হলেও, ভারতের মেঘালয় রাজ্যে শনিবার ছিল প্রতি লিটার ৯৮ দশমিক ৩২ রুপি অর্থাৎ প্রায় ১৩১ টাকা। এ কারণে সীমান্তে পেট্রোল পাচার হবার আশঙ্কা দেখা দিয়েছে।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা করায় সীমান্তে এই টহল জোরদার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বড়ছড়া, চারাগাঁও, বাগলীসহ তিনটি এলসি (ল্যান্ড কাস্টমস) পয়েন্টে বাড়তি নজরদারি বসানো হয়েছে। যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লাবাহী বড় ট্রাক ও ডাম্পারগুলো পণ্য আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশের সময় অবৈধভাবে জ্বালানি তেল পাচার করতে না পারে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার সুযোগে কিছু অসাধু চক্র অধিক মুনাফালাভের আশায় তেল মজুত ও পাচারের চেষ্টা করতে পারে। এ কারণে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি’র তৎপরতা অব্যাহত থাকবে।
