বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
মোঃ রাজু (পটুয়াখালী ) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পটুয়াখালী ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় পটুয়াখালী সদরস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী ও চেয়ারম্যান, পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট।
সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, ভাইস প্রেসিডেন্ট আবু জাফর ইমাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম সিকদার, মোস্তাফিজুর রহমান রুমি, এ কে এম শাহাদাৎ হোসেন, শারজিয়া মাহমুদ রিনা,মো. ইমতিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আবু জাফর ইমাম। তিনি বলেন, বর্তমানে যতগুলো সামাজিক সংগঠন রয়েছে, তার মধ্যে অন্যতম রেড ক্রিসেন্ট। যে কোনো দুর্যোগ ও মানবিক সংকটে সবার আগে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে এ সংগঠন।
পরে শোক প্রস্তাব ও বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। তিনি সংগঠনের বিগত দিনে মৃত্যুবরণকারী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সংগঠনের বিগত দিনের আয়-ব্যয় ও উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং মানবিক সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “আমি এই প্রথম এ সংগঠনের নির্বাচন হতে দেখলাম। এটাই হওয়া উচিত। নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পালন করলে সেই সংগঠনে জবাবদিহিতা থাকে।”
তিনি আরও বলেন, “আগামী দিনে যারা দায়িত্বে আসবেন, তাদের ধৈর্য ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। কোনো অভিযোগ উঠলে তা দমন-পীড়নের মাধ্যমে নয়, বরং স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করতে হবে।”
স্বচ্ছতার উদাহরণ হিসেবে তিনি প্রতিবেশী দেশ নেপালের সাম্প্রতিক একটি ঘটনা তুলে ধরে বলেন, “যদি কোনো মানুষ স্বচ্ছতার সঙ্গে কাজ করেন, তাহলে দেশ এগিয়ে যাবে। এর বাস্তব উদাহরণ আমাদের প্রতিবেশী দেশ নেপাল। মাত্র কয়েকদিন আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আর তিনি পদত্যাগ করেন।”
উল্লেখ্য, এই প্রথমবারের মতো পটুয়াখালীতে ভোটের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠিত হচ্ছে। এতে প্রায় ১ হাজার ৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতটি বুথে ভোটগ্রহণ চলবে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
