তিন দিনের জন্য শেরপুর সেতু বন্ধ, বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা
ঢাকা-সিলেট মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ শেরপুর সেতুতে মেরামত কাজের জন্য তিন দিন আংশিক ও সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতুটির ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে শুরু হয়ে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিত আকারে যান চলাচল করবে। এরপর রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
পরবর্তীতে ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যান চলাচল সীমিতভাবে চালু থাকবে। ২৬ এপ্রিল সকাল ৮টার পর সেতুটি সব ধরনের যানবাহনের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মেরামত কাজ চলাকালে যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটে চলাচলকারী যানবাহনকে শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর (বাহুবল), শ্রীমঙ্গল, মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ দিয়ে সিলেট যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া শেরপুর (মৌলভীবাজার) থেকে সিলেটগামী যানবাহনকে মৌলভীবাজার হয়ে ফেঞ্চুগঞ্জ রুট ব্যবহার করতে বলা হয়েছে।
অন্যদিকে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারীদের নবীগঞ্জের সৈয়দপুর বাজার, রানীগঞ্জ ও জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জে যাতায়াতের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করা এবং বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
