কালীগঞ্জ জেলা পরিষদ মার্কেটে শুদ্ধি অভিযান: এক সপ্তাহে দেড় কোটি টাকা রাজস্ব আদায়
মাহফুজার রহমান :
ঢাকা জেলা পরিষদের অধীনস্থ ‘কালীগঞ্জ মার্কেট’ একসময় পরিচিত ছিল দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে। দীর্ঘদিনের অনিয়ম, অবৈধ দখল আর রাজস্ব ফাঁকির সংস্কৃতি ভাঙতে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের আকস্মিক পরিদর্শনে পাল্টে গেছে দৃশ্যপট। অভিযানের মাত্র এক সপ্তাহেই সরকারি কোষাগারে জমা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।
অনিয়মের বেড়াজালে বন্দি ছিল মার্কেট :
সম্প্রতি গণমাধ্যমে ‘দুর্নীতির আখড়া ঢাকা জেলা পরিষদ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপরই প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ মার্কেটটি পরিদর্শনে যান। সেখানে গিয়ে ভূগর্ভস্থ তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত নির্মাণে ব্যাপক অনিয়ম, নকশা বহির্ভূত ভবন নির্মাণ এবং নদীর ঘাট দখল করে অবৈধ দোকান তৈরির প্রমাণ পান তিনি।
তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য:
জেলা পরিষদের অনুমতি ছাড়াই অবৈধভাবে দোকান নির্মাণ।
নিজে ব্যবসা না করে উচ্চমূল্যে দোকান ভাড়া দেওয়া।
নিয়মিত ভাড়ার টাকা ও সরকারি রাজস্ব পরিশোধ না করা।
কর্মকর্তাদের যোগসাজশে ৬৮টি অবৈধ দোকান বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ।
কঠোর পদক্ষেপ ও তাৎক্ষণিক ফল :
অভিযান চলাকালীন প্রশাসক বেশ কিছু অবৈধ দোকান তাৎক্ষণিকভাবে সিলগালা করার নির্দেশ দেন। সেই সঙ্গে বকেয়া রাজস্ব দ্রুত আদায়ের জন্য কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। এর সুফল হিসেবেই গত এক সপ্তাহে বড় অঙ্কের বকেয়া রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
উদ্ধার হবে ৭০২ একর জমি:
প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ জানান, ঢাকা জেলার ৫টি উপজেলাসহ ২০টি সংসদীয় আসনের অধীনে থাকা জেলা পরিষদের প্রায় ৭০২ একর জমি বর্তমানে প্রভাবশালী মহলের অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে খুব শীঘ্রই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কেরানীগঞ্জের বন্ধ থাকা চুনকুটিয়া জিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার এবং জিনজিরা কমিউনিটি সেন্টারের সংস্কার কাজও শুরু হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ :
অতীতের ‘ভুয়া প্রকল্প’ আর ‘পার্সেন্টেজ বাণিজ্য’ বন্ধের ঘোষণা দিয়ে প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের কমিশন বা পার্সেন্টেজ বাণিজ্য বরদাশত করা হবে না। প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
