কেরানীগঞ্জের কনভেনশন সেন্টারে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: ‘ইস্পাত কঠিন’ আন্দোলনের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের
মাহফুজার রহমান :
বর্তমান সরকারের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদে’র নতুন সংক্রমণ দেখা যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে ‘ইস্পাত কঠিন’ আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের একটি স্থানীয় কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ‘দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ এড়িয়ে সময়ক্ষেপণ করে জনগণের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “আমরা দেশে আর কোনো ফ্যাসিবাদের রাজত্ব চাই না। গণভোটের প্রস্তাব নিয়ে বিরোধী দলগুলো সহযোগিতার হাত বাড়ালেও সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে সংকট তৈরি করছে। এতে তারা জনগণের কাছে দেওয়া ওয়াদা লঙ্ঘন করছে।”
স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, নির্বাচনে পরাজিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো অনৈতিক। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অধিকার খর্ব করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ডা. শফিকুর রহমানের মতে, জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘লুকোচুরি’ করছে। বর্তমানে জনমনে কোনো স্বস্তি নেই এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।
শিশুদের ‘হোম ক্লাস’ এবং ডিভাইসের অতি ব্যবহারের কুফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিশুদের হাতে যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া ডিভাইস তুলে দেওয়া তাদের মেধার অপমৃত্যু ঘটাচ্ছে। তিনি কোমলমতি শিশুদের ডিভাইস আসক্তি থেকে রক্ষা করার আহ্বান জানান।
সমাবেশে তিনি ঘোষণা করেন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক লড়াই অব্যাহত থাকবে। আগামীকাল শনিবার থেকেই এই ঐক্যের মাঠ পর্যায়ের কর্মসূচি শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন।
ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফজাল হোসেন (কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য), অ্যাডভোকেট মসিউল আলম (সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী), অধ্যক্ষ শাহীনুর ইসলাম (ঢাকা জেলা নায়েবে আমির) ,মাওলানা আবদুর জব্বার (নারায়ণগঞ্জ মহানগর আমির), সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
