শরণখোলায় কিশোরীর লাশ উদ্ধার
(শরণখোলা) বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরীর নাম রিয়া মনি (১৫)। মঙ্গলবার (২৪ মার্চ) ভোররাতে স্থানীয় একটি জামে মসজিদের ইমাম বাড়ির সামনে ইটের রাস্তায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি রিয়া মনি। রাতভর খোঁজাখুঁজির পর সকালে তার লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।খোন্তাকাটা ইউনিয়নের স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, কিশোরীর মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও থেকে এনে সেখানে ফেলে রাখা হয়েছে।নিহতের নানী হালিমা বেগম জানান, রিয়া মনিকে ছোটবেলা থেকেই তিনি লালন-পালন করছিলেন। তার মা-বাবা কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করেন। নাতনির এমন মৃত্যুতে তিনি শোকাহত।
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
