পটুয়াখালীতে বকেয়া টাকা চাওয়ায় চা দোকানদারকে পিটিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক
মোঃ রাজু, পটুয়াখালী সদর:
পটুয়াখালী সদর উপজেলায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিম প্যাদা (৬৫) নামে এক চা দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাদারবুনিয়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম প্যাদা পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বাকিতে চা-নাশতা ও অন্যান্য পণ্য গ্রহণ করতেন। ওই বকেয়া টাকা নিয়ে প্রায়ই বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে পাওনা টাকা চাইলে কামাল হাওলাদারসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
অভিযোগ রয়েছে, এরই জেরে রাতে কামাল হাওলাদার, জামাল হাওলাদার, নুর ইসলাম হাওলাদার, খোকন হাওলাদার ও শাহাবুদ্দিন তালুকদার মিলে রহিম প্যাদার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিহতের বড় মেয়ে নাজমা অভিযোগ করে বলেন, “আমার বাবাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয়, পরে লাঠি দিয়ে মারধর করে। আমার মা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে বাবাকে মাটিতে ফেলে দিলে সেখানেই তিনি মারা যান।”
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের নাতনী জানায়, বিকেলেই অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং তারা হুমকি দেয়। পরে রাতে এসে তাকে মারধর করে হত্যা করা হয়।
গুরুতর অবস্থায় রহিম প্যাদাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাকের হোসেন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
