মাহিন্দ্র সার্ভিসে গতি ফিরেছে রায়েন্দা–মোংলা রুটে
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট) :
বাগেরহাটের রায়েন্দা থেকে মোংলা রুটে মাহিন্দ্র পরিবহন সেবা চালুর ফলে যাতায়াতে ফিরেছে গতি ও স্বস্তি। ২০২১ সালে চালু হওয়া এই সার্ভিসটি এখন স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
প্রতিদিন প্রায় ৩০টি মাহিন্দ্র গাড়ি এই রুটে নিয়মিত চলাচল করছে। নির্দিষ্ট সময় পরপর গাড়ি ছেড়ে যাওয়ায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না। এতে সময় যেমন বাঁচছে, তেমনি কমেছে ভোগান্তিও।
এই রুটের চালক মনির হোসেন বলেন, “আমরা চেষ্টা করি সময় মেনে গাড়ি চালাতে। যাত্রীরা যাতে কষ্ট না পায়, সেটাই আমাদের লক্ষ্য। এখন যাত্রীও আগের চেয়ে বেড়েছে, আয়ও কিছুটা ভালো হচ্ছে।"
নিয়মিত যাত্রী রিপন সরকার বলেন, “আগে এই পথে চলাচল করা বেশ কঠিন ছিল। এখন কিছুক্ষণ পরপর গাড়ি পাওয়া যায়, তাই সময়ও বাঁচে, কষ্টও কমেছে। এই সার্ভিস আমাদের জন্য অনেক উপকারে এসেছে।"
প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটে রায়েন্দা থেকে মোংলা পৌঁছানো সম্ভব হওয়ায় এই সার্ভিসটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
