পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ১,আহত ২
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :
পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রবিবার(২৬/৪/২৬) সকালে জেলার আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামের বোদা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, সকালে ওই এলাকার একটি চা বাগানে কয়েকজন চা শ্রমিক চা পাতা কাটার কাজ করছিলেন। চা পাতা কাটা শেষ হলে পাতা নিয়ে ফেরার সময় বজ্রপাতে সারওয়ার্দী(২১) নামক এক যুবক নিহত হন। নিহত ওই যুবক সোনাপাতিলা মাধগছ এলাকার সামাদের ছেলে। এ সময় একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোস্তফা(৪৩) ও বাশারত আলীর ছেলে জহিরুল ইসলাম(৪১) আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
স্থানীয় স্কুল শিক্ষক শামসুল আলম জানান, চা শ্রমিকরা চা পাতা কাটার সময় আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে। পরে হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতের কঠিন শব্দ শুরু হয়। এসময় কাজ শেষ করে ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সারওয়ার্দী সহ আরো দুই চা-শ্রমিক সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে সারওয়ার্দী মারা যায়। এসময় অপর দুজন আহত হয়। পরে অন্যান্য চা-শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তাহের দুলাল জানান, বজ্রপাতে মৃত্যু হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ দাফন করবে তার পরিবার।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান।
