পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ ভবনে ছাত্রী হোস্টেল করায় ক্ষোভ, স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে
মোঃ রাজু: (পটুয়াখালী):
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ যখন বারান্দা ও মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময়ে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) ভবনকে ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহারের উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তারা অবিলম্বে সিসিইউ ইউনিট চালুর দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই থাকতে হচ্ছে বারান্দা কিংবা মেঝেতে। এতে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন।
২০১৪ সালে হাসপাতালের অবকাঠামোর মধ্যেই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। সে সময় সিসিইউ ইউনিট চালুর জন্য নির্মিত তিনতলা ভবনটি একাডেমিক কাজে ব্যবহার করা হয়। ফলে দীর্ঘ এক দশকেও চালু করা সম্ভব হয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিট।
সম্প্রতি মেডিকেল কলেজ নতুন ভবনে স্থানান্তরিত হলেও পুরোনো ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। বরং সেটিকে ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন হৃদরোগী ভর্তি হন। কিন্তু পূর্ণাঙ্গ সিসিইউ না থাকায় মেডিসিন বিভাগের একটি অংশে মাত্র ৫টি বেড দিয়ে সীমিত আকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে অনেক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের কার্ডিয়াক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. অনুপ কুমার হাওলাদার বলেন, “সিসিইউ ইউনিট চালু না থাকায় জটিল রোগীদের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। পৃথক ভবনে সিসিইউ চালু করা গেলে রোগীদের জীবন রক্ষা করা সহজ হবে।”
অন্যদিকে, ছাত্রীদের আবাসন সংকটের কথা উল্লেখ করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভবনটি হোস্টেল হিসেবে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান বলেন, “অনুমতি পেলে ভবনটি ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহার করা হবে।”
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানিয়েছেন, ভবনটি হাসপাতালের কাছে হস্তান্তর করা হলে দ্রুত সিসিইউ ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, সিসিইউ ইউনিট চালুর দাবিতে স্থানীয় রাজনৈতিক নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। ৩০ মার্চ সোমবার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
এ সময় তৌফিক আলী খান কবির বলেন, “দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা এই হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে সিসিইউ ভবনে হোস্টেল নির্মাণের উদ্যোগ সম্পূর্ণ অন্যায়। আমরা চাই দ্রুত সিসিইউ চালু হোক।”
চিকিৎসক ও সচেতন মহলের মতে, হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসা নিশ্চিতে পূর্ণাঙ্গ সিসিইউ ইউনিট চালু এখন সময়ের দাবি। তা না হলে প্রতিদিনই ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষের জীবন।
