সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখার দায়ে ব্যবসায়ীর ৬ মাসের জেলসহ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ১১ ব্যারেল পেট্রোল অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দণ্ড দেয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চৌধুরী ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. সোহেল চৌধুরী(৩৫)। তিনি ওই এলাকার মৃত গিয়াস চৌধুরীর ছেলে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ পুলিশ ফোর্স অভিযানে সহযোগিতা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি রতন শেখ পিপিএম জানতে পারেন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে মুদির দোকানে পেট্রোল মজুদ রাখা হয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, মুদির দোকানে পেট্রোল বিক্রি করার লাইসেন্স বা তার স্বপক্ষে কোন কাগজপত্র ছাড়া ১১ ব্যারেল পেট্রোল মজুদ ছিলো। পরে সংশ্লিষ্ট আইন মোতাবেক বিজ্ঞ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৬ মাসের সাজাসহ ১০ হাজার টাকা দণ্ড প্রদান করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
