শিরোনাম

দুর্ভোগের অবসান, পাকা রাস্তায় স্বস্তির নিঃশ্বাস

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন   |   জেলার খবর

দুর্ভোগের অবসান, পাকা রাস্তায় স্বস্তির নিঃশ্বাস

 

সঞ্জয় কুলু (শরনখোলা) বাগেরহাট):

তাফালবাড়ি বাজার থেকে সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর দাশের ভাড়ানি পর্যন্ত নবনির্মিত পাকা সড়ক স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে। আগে কাঁচা রাস্তা ও কাদার কারণে চলাচল ছিল দুরূহ, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি হয়ে উঠত চরম দুর্বিষহ।

এখন সড়কটি পাকা হওয়ায় ইজিবাইক, অটোভ্যান ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। কৃষক শাহজাহান হাওলাদার জানান, আগে বাজারে পণ্য নিতে সময় বেশি লাগত, এখন দ্রুত পৌঁছানো যায় এবং ন্যায্যমূল্যও মিলছে। শিক্ষার্থী স্বর্ণা রানী বলে, বর্ষায় কাদা মাড়িয়ে স্কুলে যাওয়ার কষ্ট আর নেই।

ভ্যানচালক মো. শাফায়াত হাওলাদার বলেন, ভালো রাস্তার কারণে যাত্রী বেড়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. জামাল জমাদ্দার জানান, সড়কটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলছে। উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, টেকসই নির্মাণ হওয়ায় সড়কটি দীর্ঘমেয়াদে উন্নয়নে সহায়ক হবে।

নতুন এই সড়ক উপকূলবাসীর জীবনে স্বস্তি ও সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে।

জেলার খবর এর আরও খবর: