বাজারে জেলা প্রশাসনের তদারকি : ১২০ টাকার লেবু নেমে এলো ৪০ টাকায়
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জেলা প্রশাসক সবজির বাজারে তদারকিতে গিয়ে লেবুর হালি কতো জানতে চাইলে বিক্রেতা ১২০ টাকার লেবু ৪০ টাকা হাঁকেন। এসময় কম দামে লেবু কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।
রোজার শুরু থেকে বাজারে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের খবর পেয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের বাজার তদারকি করতে বের হয় জেলা প্রশাসন। বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া লেবুর হালি কতো জানতে চাইলে বিক্রেতা ১২০ টাকার লেবুর দাম হাঁকেন ৪০ টাকা।
পরে শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজারসহ সব ধরণের পণ্যের তদারকি করে জেলা প্রশাসন। বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রমজান মাসে বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে তদারকি করা হয়েছে। বাজারে সব ধরনের সবজির সরবরাহ, মাছের সরবরাহ ও মাংসের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কেউ যদি কোনো পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
