লালমাইয়ে ১৩শ ৫০ পরিবারে পৌঁছেছে প্রবাসী ফরহাদের ইফতার!
কামাল হোসেন, লালমাই:
লালমাই উপজেলার ১৩শ ৫০ অস্বচ্ছল পরিবারে পৌঁছেছে সৌদি আরব প্রবাসী হাজী ফরহাদ হোসেনের প্রতিষ্ঠিত মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী। উপজেলার বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ, পেরুল উত্তর ও পেরুল দক্ষিণ ইউনিয়নের এক হাজার পরিবারে গত ১৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সর্বশেষ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজীপুর গ্রামস্থ হাজী ফরহাদের বাড়িতে বাকই উত্তর ইউনিয়নের ৩শ ৫০টি অস্বচ্ছল পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মাওলানা আবদুল হাকিম এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সহ-সভাপতি অলি উল্যাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের সেক্রেটারী আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক শেখ নোমান, পেরুল উত্তর ইউনিয়ন যুবদল নেতা ওসমান গনি মুন্না প্রমুখ।
মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের মুখপাত্র ও দপ্তর সম্পাদক শেখ নোমান বলেন, করোনা থেকে হাজী ফরহাদ ভাইয়ের মানবিক ও সেবা কার্যক্রম শুরু। করোনাকালে আমরা অক্সিজেন সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও পুরো উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করি। পরবর্তীতে বিভিন্ন জাতীয় দিবস পালন, মরনব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল ফিতর- ঈদুল আজহাতে ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদানসহ সেবা মূলক সকল কাজেই আমরা আছি। প্রবাসী হাজী ফরহাদ তার আয়ের একটি অংশ লালমাই উপজেলার জনগনের কল্যাণে ব্যয় করতে চান। সে কারনে তিনি দলমত নির্বিশেষে সকলের আহবানে সাড়া দেন। মানুষের কল্যাণে আগামীতেও তিনি লালমাই উপজেলাবাসীর পাশে থাকবেন।
