রেললাইনে দাঁড়িয়ে কথা বলার সময় প্রাণ গেল যুবকের!
কামাল হোসেন (লালমাই) :
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দুধ বাজার সংলগ্ন রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় প্রাণ গেল মহিউদ্দিন (৩১) নামক এক যুবকের! রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮ ঘটিকায় এই ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বরুড়া উপজেলার চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশার অটোরিকশা চালক।
এই বিষয়ে বাগমারা দুধ বাজারের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নিহত ব্যক্তি মোবাইলে কথা বলার সময় ঢাকা চট্টগ্রাম রেল লাইনে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই নিহত হন।
পরিবারসূত্রে জানা যায়, অটোরিকশা করে সকাল বেলা প্রতিবেশী যাত্রী নিয়ে বাজার করতে বাগমারা এলাকায় আসেন মহিউদ্দিন কিন্তু ফেরত এলো লাশ হয়ে। নিহতের বড় ভাই শাহাদাত হোসেন সজীব জানান আমাদের পাশের বাড়ীর কয়েকজন যাত্রী নিয়ে বাজার করতে বাগমারা বাজার গিয়েছিলো মহিউদ্দিন। নিহত মহিউদ্দিন ৪ ও ২ বছর বয়সী দুই পুত্র সন্তানের জনক। আমরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে এসে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরে দাফন করেছি। তাঁর নিহত হওয়ার ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই।
এই বিষয়ে লাকসাম জিআরফি থানার (ওসি) জসিম উদ্দিন বলেন, নিহত মহিউদ্দিন রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় চলন্ত ট্রেনের ধাক্কার নিহত হয়েছেন। তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার যদি অভিযোগ করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিবো।
