শতবর্ষী স্বরদিনীর জীবনে ৭১-এর দুঃস্বপ্ন এখনো তাড়া করে
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
বয়স শত পেরোলেও একাত্তরের ভয়াল স্মৃতি আজও শতবর্ষী স্বরদিনীকে তাড়া করে ফেরে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজেশ্বর গ্রামের বাসিন্দা তাঁর স্বামী মনোহর কুলুকে স্থানীয় রাজাকাররা হত্যা করে। এরপর ছোট্ট চার সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েন তিনি।
জীবিকা নির্বাহে মানুষের বাড়িতে ঢেঁকিতে ধান বেনে দিন কাটিয়েছেন স্বরদিনী। এরও আগে ১৯৪৭ সালের ভারত ভাগের ভয়াবহতা প্রত্যক্ষ করেছেন তিনি। জীবনের নানা ধাক্কা সামলেও আজও রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠেন এই বৃদ্ধা।
বয়সের ভারে হাঁটতে কষ্ট হয়, চোখেও আগের মতো দেখেন না। স্বজন ও প্রতিবেশীরা জানান, সরকারি সহযোগিতা ও নিয়মিত চিকিৎসা পেলে স্বরদিনীর শেষ জীবন কিছুটা স্বস্তির হতে পারে।
