শিরোনাম

মাধবীকে লেখা আইনমন্ত্রীর ১২৫ চিঠি প্রকাশ

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন   |   সাহিত্য

মাধবীকে লেখা আইনমন্ত্রীর ১২৫ চিঠি প্রকাশ

নয় ফুল, নয় লতা, সে মাধবী। কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গান ‘মাধবী’ নিয়ে আজকের গল্প নয়। এবার আলোচনায় এক ভিন্ন ‘মাধবী’। কে এই ‘মাধবী’, যার উদ্দেশে ২৫৩টি চিঠি লিখেছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সেই চিঠি থেকে প্রথম ধাপে তিনি নিজেই প্রকাশ করলেন ১২৫টি চিঠি।

অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবার আইনমন্ত্রী আসাদুজ্জামানের লেখা মুক্ত গদ্যের বই ‘শুধু মাধবীর জন্য’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের স্টলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে উপস্থিত দর্শক ও পাঠকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘মাধবীকে লেখা লেখকের চিঠিগুলোতে সুখ, দুঃখ, রাজনীতি এবং একাকিত্বের নানা অনুভূতির প্রকাশ ঘটেছে।’

বইটির প্রধান চরিত্র ‘মাধবী’ আসলে কে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাধবী কে—এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি আগেই দিয়ে দিই, তাহলে পাঠক বইটি পড়ার আগ্রহ হারাতে পারেন। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিতই থাকুক।’

তিনি আরও বলেন, বইটিতে মানুষের অন্তর্গত একাকিত্বের অনুভূতি তুলে ধরা হয়েছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও কখনো কখনো মানুষ নিজের ভেতরে একা থাকে এবং মনের অনেক কথাই সবার সঙ্গে ভাগ করে নিতে পারে না। সেই অনুভূতিরই প্রকাশ ঘটেছে ‘মাধবী’র কাছে লেখা চিঠিগুলোতে।’

আইনমন্ত্রী জানান, বইটিতে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ক্ষোভের পাশাপাশি রাজনীতি, রাষ্ট্র, সমাজনীতি ও দর্শনের বিভিন্ন দিকও উঠে এসেছে।

তিনি জানান, প্রথম ধাপে মাধবীকে লেখা মোট ২৫৩টি চিঠির মধ্যে ১২৫টি চিঠি প্রকাশ করা হয়েছে। পাঠকদের সাড়া বিবেচনা করে পরবর্তীতে বাকিগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘পাঠকদের আগ্রহই একজন লেখকের অনুপ্রেরণার প্রধান উৎস। পাঠক যদি কোনো লেখাকে গ্রহণ করেন, তাহলে লেখক আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে লিখতে পারেন এবং নতুনভাবে অনুপ্রাণিত হন।’

এ কারণে তিনি পাঠকদের বইটি পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত জানাতে অনুরোধ করেন। আইনমন্ত্রী আরও বলেন, ‘বইটি সম্পূর্ণ হৃদয়ের অনুভূতি থেকে লেখা। ভালো লাগা এবং একাকিত্বের অভিজ্ঞতা থেকেই এই লেখার সৃষ্টি।’

তিনি সবাইকে বইটি পড়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী, লেখকের সহধর্মিণী, শুভানুধ্যায়ী, বিশিষ্টজন এবং মেলায় আগত দর্শক ও পাঠকরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচন শেষে আইনমন্ত্রী ‘শুধু মাধবীর জন্য’ বইটি ক্রয়কারী পাঠকদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

‘শুধু মাধবীর জন্য’ বইটি প্রকাশ প্রসঙ্গে অন্যপ্রকাশের কর্ণধার প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, আসাদুজ্জামান লেখক এবং রাজনৈতিক কর্মী। মাধবী ওনার একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্র নিয়ে উনি দীর্ঘদিন ধরেই গদ্য লিখে আসছেন। প্রায় ২৪৩টির মতো গদ্য লিখেছেন, চিঠি লিখেছেন মাধবীকে। সেই মাধবীকে নিয়ে লেখা চিঠিগুলোর ১২৫টি চিঠি নিয়ে ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের প্রথম খণ্ড প্রকাশিত হলো। পরবর্তী সময়ে হয়তো আরেকটা খণ্ড প্রকাশিত হবে।

‘শুধু মাধবীর জন্য’ বইয়ের চিঠিগুলোতে কী আছে—এ প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম বলেন, ‘সেই চিঠিগুলোর মধ্যে নানা বিষয় আছে। সেখানে আছে প্রেম-ভালোবাসা, আবেগ, দেশের কথা, রাজনীতির কথা, সাহিত্যের কথা, মানুষের দহনের কথা বা মানুষের ভালো লাগার অনুভূতি।’