শিরোনাম

ইংল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ-বাংলাদেশি নিহত

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন   |   প্রবাস ও ভ্রমণ

ইংল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ-বাংলাদেশি নিহত


তুহিন আহমদ জহির (লন্ডন, যুক্তরাজ্য) : 

ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন সিলেটি তরুণসহ চারজন ব্রিটিশ-বাংলাদেশি নিহত হয়েছেন। ভয়ঙ্কর এই সংঘর্ষে আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে বোল্টনের উইগান রোডে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ির সঙ্গে সিট্রয়েন সি–৪ পিকাসো মডেলের একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ি দুমড়েমুচড়ে যায়।

বোল্টন কাউন্সিল অব মস্ক (BCOM) নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহত তিন তরুণ হলেন— মোহাম্মদ জিবরায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮) এবং মুহাম্মদ দানিয়াল আসগর আলী (১৯)। তারা সবাই ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা পরিবারের সন্তান।নিহত অপর ব্যক্তি হলেন ট্যাক্সিচালক মোসরাব আলী (৫৪)। তিনি দীর্ঘদিন ধরে বোল্টন এলাকায় ট্যাক্সিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, দুর্ঘটনার সময় উইগান রোডের সিসিটিভি ক্যামেরায় সংঘর্ষের ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রত্যক্ষদর্শী এবং যাদের কাছে ড্যাশক্যাম বা সিসিটিভি ফুটেজ রয়েছে, তাদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল শোক প্রকাশ করে বলেন, “এটি পুরো কমিউনিটির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা গভীরভাবে শোকাহত।”

নিহতদের আকস্মিক মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।