শিরোনাম

শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউপির ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন র বিরুদ্ধে টিআর/কাবিখা ইট সলিং কাজে অনিয়মের অভিযোগ

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   সারাদেশ

শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউপির ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন র বিরুদ্ধে টিআর/কাবিখা ইট সলিং কাজে অনিয়মের অভিযোগ

মোঃইমরান হোসেন (শ্রীমঙ্গল , মৌলভীবাজার) : 

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা সলিং কাজে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ২ লাখ টাকা বরাদ্দ থাকলেও কাজ হয়েছে নামমাত্র, বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

জানা গেছে, টিআর/কাবিখা খাতের আওতায় দুলাল মিয়ার বাড়ি থেকে রাহমানি জামে মসজিদ পর্যন্ত রাস্তায় সলিংয়ের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সরেজমিনে দেখা যায়, কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে। অনেক জায়গায় ভাঙা ও অর্ধেক ইট ব্যবহার করা হয়েছে এবং সলিংয়ের নিচে প্রয়োজনীয় বালির স্তর না দিয়েই ইট বসানো হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে রাস্তা দেবে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, কাজ চলাকালীন সময়েই নিম্নমানের ইট ও অগোছালো কাজের বিষয়ে ইউপি সদস্যকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং তড়িঘড়ি করে কাজ শেষ করে বিল উত্তোলনের চেষ্টা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীরা চলাচল করে। এমন দায়সারা কাজের চেয়ে আগের মাটির রাস্তাই ভালো ছিল।”

এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়ি চলাচলের কারণে ইট ভেঙে দেবে গেছে। কত ফিট সলিং হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০০ ফিট। তবে ২ লাখ টাকায় মাত্র ৩০০ ফিট কাজ কেন—এ প্রশ্নে তিনি ব্যস্ততার অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন বলেন, “আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে রাস্তা উন্নয়নের কাজে ব্যয় করা হোক।

সারাদেশ এর আরও খবর: