তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।


ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস গতকাল শুক্রবার এক বার্তায় বাংলাদেশের জনগণ এবং নেতৃত্ব গ্রহণের দ্বারপ্রান্তে থাকা বিএনপিকে অভিনন্দন জানায়। বার্তায় বলা হয়, চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশা করছে।


নির্বাচনে বড় জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী এক বার্তায় দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একইভাবে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা জোরদারে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে নিরঙ্কুশ বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি একে ‘গণতন্ত্রের বিজয়’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং রূপান্তরকালে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।


অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান।


পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বিএনপির ভূমিধস বিজয়ে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক অংশীদারত্ব ও ভবিষ্যৎ সহযোগিতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।


ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানায়। একই সঙ্গে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তা লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।


এছাড়া নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পৃথক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। তারা উভয়েই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে বিএনপি। বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং আন্তর্জাতিক মহলেও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে।


জাতীয় এর আরও খবর: