শিরোনাম

ঝালকাঠিতে ক্যান্সার আক্রান্ত তরুণের পাশে ড. জিয়াউদ্দিন হায়দার

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন   |   স্বাস্থ্য

ঝালকাঠিতে ক্যান্সার আক্রান্ত তরুণের পাশে  ড. জিয়াউদ্দিন হায়দার

 ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তযোদ্ধা ক্লাব ও পাঠাগার’-এর দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম (২১) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘লাভ শেয়ার বিডি’-এর তহবিল থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম ড. জিয়াউদ্দিন হায়দার।

শনিবার (২ মে) বিকাল ৩টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তরিকুলের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে বিকাল ৫টায় শহরের কুমারপট্টিতে নিজ বাসভবনে রক্তযোদ্ধা ক্লাব ও পাঠাগারের সংগঠক ও সাংবাদিক মো. রাজু খানের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন ড. জিয়াউদ্দিন হায়দার। 


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘লাভ শেয়ার বিডি’-এর তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন ড. জিয়াউদ্দিন হায়দার।


এদিকে তরিকুল ইসলামের চিকিৎসার জন্য ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, তরিকুল দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তার এমন কঠিন সময়ে বিভিন্ন মহলের সহায়তা তাকে নতুন করে বেঁচে থাকার আশা জোগাচ্ছে।


ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “তরিকুল ইসলামের অসুস্থতার খবরটি জানার পর লাভ শেয়ার বিডির পক্ষ থেকে তাকে ১ লাখ টাকা সহায়তা দিয়েছি।

তার চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেমোথেরাপি—এটি যেন কোনোভাবে বন্ধ না হয়, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। কেমোর সময় হাসপাতালে ভর্তি থাকা, চিকিৎসা ব্যবস্থাপনা কিংবা অন্যান্য যেকোনো সমস্যার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা আমরা করব। চিকিৎসা চলাকালীন যদি কোথাও কোনো জটিলতা তৈরি হয়, সেটি দ্রুত সমাধানের জন্য আমি ব্যক্তিগতভাবেও উদ্যোগ নেব। আমাদের লক্ষ্য, তার চিকিৎসা যেন ঠিকভাবে সম্পন্ন হয় এবং সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।